ফ্রান্স থেকে ইউক্রেন পাচ্ছে ১০০ রাফাল যুদ্ধবিমান ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

0
48

রাশিয়ার আক্রমণ থেকে নিজেরা প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য ফ্রান্স থেকে ইউক্রেন পাচ্ছে ১০০টি রাফাল এফ-৪ যুদ্ধবিমান এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মঙ্গলবার (১৮ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানায়।

প্যারিসের কাছে একটি বিমান ঘাঁটিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে স্বাক্ষরের পর, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই চুক্তিকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেন। রাফাল বিমান সরবরাহের প্রক্রিয়া ২০৩৫ সালের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে এবং চলতি বছর থেকেই ইন্টারসেপ্টর ড্রোনের যৌথ উৎপাদন শুরু হবে।

আর্থিক বিষয়গুলো চূড়ান্ত না হলেও, ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে ইউক্রেনকে অর্থায়ন দেওয়ার চেষ্টা করা হবে এবং জব্দ করা রাশিয়ান সম্পদ ব্যবহারের পরিকল্পনাও রয়েছে, যা নিয়ে ২৭ সদস্যের ইউরোপীয় জোটে মতবিরোধ রয়েছে।

সোমবার ম্যাখোঁ ও জেলেনস্কির যৌথ ব্রিফিংয়ে বলা হয়, “এটি একটি কৌশলগত চুক্তি যা আগামী বছর থেকে শুরু করে ১০ বছর ধরে চলবে। ইউক্রেনকে দেবে শক্তিশালী ফরাসি রাডার, আটটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য উন্নত অস্ত্র।”

রাশিয়া সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে, বিশেষ করে জ্বালানি ও রেল অবকাঠামো লক্ষ্য করে। এসব হামলায় ব্যাপক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে বেশ কয়েক ডজন বেসামরিক নিহত হয়েছে।

ইউক্রেনীয় প্রতিরক্ষা বিশ্লেষক সের্হি কুজান বিবিসিকে বলেন, “রাশিয়ানরা প্রতি মাসে ছয় হাজার গ্লাইড বোমা ব্যবহার করছে। ইউক্রেনের জন্য ২০০ কিলোমিটার পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ফরাসি প্রতিরক্ষা ব্যবস্থা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা শুরু করে। বর্তমানে মস্কো ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করে এবং ধীরগতিতে বড় ফ্রন্টে অগ্রসর হচ্ছে।

রাশিয়ার ভয়াবহ আক্রমণ থেকে নিজেদের আত্মরক্ষার ক্ষমতা বাড়ানোর জন্য একটি বড় চুক্তির আওতায় ফ্রান্সের কাছে থেকে ১০০টি রাফাল এফ-৪ যুদ্ধবিমান এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাচ্ছে ইউক্রেন।