আগামী শনিবার (২২ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে তাদের পাঁচ দফা দাবির পূর্ণ বাস্তবায়ন না হলে পরের দিন মূল শহরের সচিবালয় পর্যন্ত লং মার্চের কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ঐক্য জোট। মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি প্রদান করা হয়।
সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা আরও বলেন, “ফ্যাসিস্ট সরকার পতন করতে ১৬ লাগলেও মানুষ গড়ার কারিগর শিক্ষকরা ৩৭ দিন ধরে রাস্তায় ন্যায্য অধিকারের দাবিতে অবস্থান করছে। আমাদের দাবি অযৌক্তিক হলে বলুন আমরা আন্দোলন থামিয়ে দেব। না হলে আমাদের দাবি মেনে নিন। আমাদের দাবি মেনে নিলে বাড়ি ফিরবো, নয়তো লাশ ফিরবে।”
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে:
১. অনুদানভূক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ২৮ জানুয়ারি ২০২৫ তারিখে সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণ দ্রুত বাস্তবায়ন।
২. শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে পাঠানো ১০৮৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের জন্য যাচাই-বাছাইকৃত ফাইলসমূহ দ্রুত অনুমোদন করে প্রজ্ঞাপন প্রকাশ।
৩. স্বীকৃতিপ্রাপ্ত অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ।
৪. প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টিকরণ।
৫. প্রাথমিক বিদ্যালয়ের অধিদপ্তরের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের সভাপতি কাজী মো. মোখলেসুর রহমান, মহাসচিব মোহাম্মদ তাজুল ইসলাম ফরাজি, সদস্য সচিব মাওলানা আল আমিন, সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম ও সদস্য মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। মাওলানা মো. শামসুল আলম সভাপতিত্ব করেন।