জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দাপুটে অভিনেত্রী জয়া আহসান ভারতের বাংলা সিনেমায় এক দশক ধরে নিজের শক্ত অবস্থান গড়েছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর), অভিনেতা আবির চ্যাটার্জির জন্মদিন উপলক্ষে তিনি ভারতীয় একটি গণমাধ্যমে তার ব্যক্তিগত ও পেশাগত সম্পর্ক সম্পর্কে কথা বলেন।
জয়া বলেন, “ইন্ডাস্ট্রিতে নানা ধরনের মানুষের সঙ্গে কাজ করতে হয়। আবির হলো তাদের মধ্যে অন্যতম। অত্যন্ত নির্ঝঞ্ঝাট একজন মানুষ। ওর সঙ্গে আমার সবচেয়ে বেশি কাজ। আর সবচেয়ে বড় কথা হলো ইন্ডাস্ট্রিতে আমার সবচেয়ে কমফোর্ট জোন আবির। পর্দায় তো আমাদের একসঙ্গে অনেক রোমান্টিক কাজ করতে হয়, ও আমার এতটাই ভালো বন্ধু, এত দুষ্টুমি আর মজার সম্পর্ক ওর সঙ্গে যে, কাজ নিয়ে ভাবতেই হয় না; সবকিছু খুব সহজ হয়ে যায়।”
তিনি আরও উল্লেখ করেন, আবির কখনো কারো ক্ষতি করার জন্য কথা বলেন না ও সমালোচনাহীন। “আমি কখনো দেখিনি ও কোনো আড্ডায় বা কখনো কোথাও কাউকে নিয়ে সমালোচনা করছে। কেউ কষ্ট পেতে পারে এরকম কথা আমি আবিরকে কখনো বলতে শুনিনি। তাই ওর জায়গা আমার জীবনে অনেকটা উপরে।”
একটি দুর্দান্ত স্মৃতি হিসেবে, জয়া বর্ণনা করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুতুল নাচের ইতিকথার জন্য গিয়েছিলো তারা, যেখানে আবিরের উপস্থিতি সবার মনোযোগ আকর্ষণ করেছিলো। তিনি বলেন, “ওর জন্য অনুরাগীরা কতটা পাগল। এই ভক্তদের সামলে রাখা এবং সবটা এমন যত্নে রাখাও খুব কঠিন কাজ। আবির খুব সুন্দরভাবে সামাল দিতে পারে।”
পরিবার ও কর্মজীবনকে দক্ষভাবে সামলানোর প্রশংসা করে জয়া বলেন, “আসলে ওর মতো একজন মানুষকে বন্ধু হিসেবে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। ওর অনুভূতি খুব মন থেকেই আসে সেটা যার জন্যই হোক এবং এই বিষয়টা কিন্তু ফেক নয়। আমি চাই, ও যেন সারাজীবন এমনই থাকে।”
জয়া আহসানের কথায়, আবির চ্যাটার্জির জীবনে পরিবারকে প্রাধান্য দিয়ে পেশাগত জীবনের ব্যালান্স তৈরি করার দক্ষতা সকলের জন্য অনুপ্রেরণা।