ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের  বিরুদ্ধে ৬৭৮ কোটি টাকার মানি লন্ডারিং মামলা

0
47

৬৭৮ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের মালিক দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে মামলা করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. জসীমউদ্দিন খান এ তথ্য জানান।

পুলিশ জানায়,ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের স্বত্বাধিকারী হিসেবে দীর্ঘদিন ধরে দেশে-বিদেশে স্বর্ণ ও হীরা ব্যবসা পরিচালনার আড়ালে অর্থ পাচার ও চোরাকারবারি করে আসছিলেন দিলীপ আগরওয়ালা।

গত বছরের ২৯ সেপ্টেম্বর থেকে তাদের আর্থিক লেনদেন ও ব্যাংক হিসাব পর্যালোচনা করে তদন্ত শুরু করা হয়। অনুসন্ধানে পাওয়া গেছে, প্রতিষ্ঠানটি লোকাল বাজার থেকে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা সংগ্রহ করে অবৈধ অর্থ উপার্জন করেছে এবং বৈধ আমদানির পাশাপাশি ৬৭৮ কোটি টাকার স্বর্ণ ও হীরা অবৈধভাবে সংগ্রহ করেছে। তবে তারা সিআইডিকে উৎস বা সরবরাহকারী সম্পর্কিত প্রমাণ দেখাতে পারেনি।

জসীমউদ্দিন খান বলেন, রাষ্ট্রের অর্থপাচারে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা এবং আর্থিক স্বার্থ সংরক্ষণে সিআইডির এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।