মঙ্গলবার ভোররাতে ভারতের গুজরাটের আরভাল্লি জেলার মোডাসা শহরের নিকটে একটি অ্যাম্বুলেন্সে আগুন লেগে নবজাতক শিশু, চিকিৎসক ও আরও দুইজন দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। এলাকাজুড়ে শোকের ছায়া নেমেছে এই মর্মান্তিক ঘটনায়।
পুলিশের ইন্সপেক্টর ডিবি ভালা জানিয়েছেন, “জন্মের পর অসুস্থ হয়ে পড়া এক দিনের শিশুটিকে মোডাসার একটি হাসপাতাল থেকে আরও উন্নত চিকিৎসার জন্য আহমেদাবাদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাত ১টার দিকে মোডাসা-ধনসুরা সড়কে অ্যাম্বুলেন্সে আগুন লেগে যায়।” এতে শিশুটি, তার বাবা জিগনেশ মোচি (৩৮), আহমেদাবাদের চিকিৎসক শান্তিলাল রেন্টিয়া (৩০) এবং নার্স ভুরিবেন মানাত (২৩) দগ্ধ হয়ে মারা যান।
পুলিশ জানিয়েছে, “মোচির দুই আত্মীয় এবং বেসরকারি অ্যাম্বুলেন্স চালক সহ তিনজন আহত হয়েছেন এবং তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।” আহতদের মধ্যে রয়েছে চালক অঙ্কিত ঠাকুর, জিগনেশ মোচির আত্মীয় গৌরাঙ্গ মোচি ও গীতাবেন মোচি।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অ্যাম্বুলেন্সটির একটি পেট্রোল পাম্পের কাছে ধীর গতিতে চলাকালীন চালক বুঝতে পারেন গাড়ির পিছনে আগুন লেগেছে। “চালক এবং সামনের সিটে থাকা দুই আত্মীয় আহত অবস্থায় পালাতে সক্ষম হলেও, শিশুটি, তার বাবা, চিকিৎসক এবং নার্স আগুনে পুড়ে মারা যান।” দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছিলো, কিন্তু চারজনকে উদ্ধার করা সম্ভব হয়নি।
জেলা পুলিশ সুপার মনোহরসিংহ জাদেজা জানিয়েছেন, ঘটনার কারণ অনুসন্ধানে ফরেনসিক বিশেষজ্ঞরা তলব করা হয়েছে।