নোয়াপাড়া ইউনিয়নের পুকুর থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার, তিনজন গ্রেপ্তার

0
81

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে পুকুর থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে জেলা পুলিশ। এ ঘটনায় বুধবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তথ্য প্রকাশ করে পুলিশ। চলতি নভেম্বরের মাত্র দুই সপ্তাহের মধ্যে নোয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে মোট ১৬টি আগ্নেয়াস্ত্র, ৮টি দেশীয় অস্ত্র এবং কয়েকশ গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।

গত ১৮ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ও রাউজান থানা পুলিশের যৌথ অভিযানে ২ নম্বর ওয়ার্ডের হাজী মকবুল আহাম্মদ সওদাগর বাড়ির পুকুরপাড় থেকে একনলা বন্দুক ও তিনটি কার্তুজসহ সিলিং উদ্ধার করা হয়। একই দিনে পৃথক অভিযানে ৩ জন—জহির আহমেদ (৫২), মো. সাকিবুল ইসলাম (২২) ও মো. রানাকে (৪৫)—গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকেও আগ্নেয়াস্ত্র ও গুলি পাওয়া গেছে।

নোয়াপাড়া ইউনিয়নে ৪, ৬, ১০, ১৭ ও ১৮ নভেম্বর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিদেশি ও দেশীয় অস্ত্র ১৬টি, গুলি ৭৫ রাউন্ড এবং ২৪টি কার্তুজসহ দেশীয় ৮টি অস্ত্র উদ্ধার করা হয়। বর্তমানে এ ঘটনায় পাঁচটি অস্ত্র মামলা এবং আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারির কাজ চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, তথ্যের ভিত্তিতে পটিয়ার হাইদগাঁও থেকে আসামিদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সম্প্রতি চৌধুরীহাট ও পালোয়ানপাড়ার পুকুর থেকে আরও বিদেশি পিস্তল, ম্যাগাজিন এবং গুলিসহ দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের মধ্যে পুকুর থেকে ধারাবাহিক অস্ত্র উদ্ধার নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও হাটবাজারে সরগরম আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। পুলিশ এই অবৈধ অস্ত্রমালার শুরু থেকে অবসান করতে সমস্ত চেষ্টা চালাচ্ছে।