আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় পরিবেশে আয়োজনের জন্য সেনাবাহিনীর সহায়তা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কোর্স–২০২৫ এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
নির্বাচন প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই নির্বাচনকে সত্যিকার অর্থে একটি শান্তিপূর্ণ উৎসব এবং আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত করতে আমাদের সেনাবাহিনীর সহায়তা একান্তভাবে কামনা করছি।”
তিনি গত জুলাইয়ের গণ-অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন, “সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং এই কারণে আমি তাদের ভূমিকায় ভূয়সী প্রশংসা করি।”
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বাংলাদেশসহ বিশ্বের মোট ২৪টি দেশের তরুণ সামরিক কর্মকর্তাদের হাতে গ্র্যাজুয়েশন সনদ তুলে দেন। এ বছর চীন, ভারত, পাকিস্তান, তুরস্কসহ বিভিন্ন দেশের ৩১১ জন অফিসার এই প্রশিক্ষণ কোর্সে অংশ নেন।
কোর্সে অংশগ্রহণকারী সামরিক কর্মকর্তারা তাদের অর্জিত জ্ঞান ভবিষ্যতে ব্যক্তিগত ও পেশাগত ক্ষেত্রে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন। তাদের মতে, জাতীয় যেকোনো সংকটময় মুহূর্তে এই প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে।
একজন বাংলাদেশি অংশগ্রহণকারী বলেন, ডিএসসিএসসি-তে অর্জিত নেতৃত্ব, কৌশল এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্পর্কে জ্ঞান দেশের এবং এর বাইরের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের প্রস্তুত করবে। বিশেষ করে যেকোনো জাতীয় সংকটে তারা অর্জিত জ্ঞান প্রয়োগ করতে প্রস্তুত।
চীন থেকে অংশ নেওয়া এক অফিসার বাংলাদেশের এই সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের আন্তর্জাতিক মানের প্রশংসা করে বলেন, ২৩টি দেশের সহকর্মীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাওয়ায় পারস্পরিক সম্পর্ক ও বোঝাপড়া আরও শক্তিশালী হয়েছে, যা ভবিষ্যতে নিজ নিজ দেশকে নিরাপত্তা দিতে কাজে লাগবে।
প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে আরেকজন বাংলাদেশি অফিসার বলেন, তারা দেশ রক্ষায় এবং প্রয়োজনে জাতীয় গুরুত্বপূর্ণ কাজে, যেমন: একটি সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ায়, তাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ ভূমিকা রাখতে প্রস্তুত থাকবেন।