থাইল্যান্ডে ভয়াবহ বন্যা: মৃত ২৫, ক্ষতিগ্রস্ত ৪ লাখ ৪০ হাজার মানুষ

0
40

থাইল্যান্ডে চলমান বন্যায় এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে এবং দেশটির ১২টি প্রদেশের প্রায় ৪ লাখ ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে থাই দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ।

বিভাগের তথ্যে বলা হয়, নিহতরা পাঁচটি পৃথক প্রদেশের বাসিন্দা। এর মধ্যে উত্তর ব্যাংককের আয়ুথায়া প্রদেশে সবচেয়ে বেশি ১৯ জনের মৃত্যু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

থাই আবহাওয়া বিভাগের বুধবার প্রচারিত বুলেটিন অনুযায়ী, উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে দক্ষিণ থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলে ২৩ নভেম্বর পর্যন্ত ভারী এবং কিছু এলাকায় প্রবল বর্ষণ অব্যাহত থাকতে পারে।

বুলেটিনে বলা হয়, এই সময়ে থাই উপসাগর ও আন্দামান সাগরে নৌযান চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ না করার পরামর্শ দেওয়া হয়েছে, পাশাপাশি ছোট নৌযানগুলোকে বন্দরেই অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।