সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমানবাহিনীকে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

0
47

সশস্ত্র বাহিনী দিবস–২০২৫ উপলক্ষে সেনা, নৌ ও বিমানবাহিনীর সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দেওয়া এক বাণীতে তিনি মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যসহ সব বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

প্রধান উপদেষ্টা বলেন, মহান মুক্তিযুদ্ধের সূচনালগ্নে সশস্ত্র বাহিনীর সদস্যরাই প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন এবং দীর্ঘ নয় মাসের লড়াইয়ে নেতৃত্ব দেন। তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমানবাহিনীর সম্মিলিত পাল্টা আক্রমণের মাধ্যমে দখলদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের নতুন অধ্যায় রচিত হয়। মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনী ও সাধারণ মানুষও সেই আক্রমণে অংশ নিয়ে চূড়ান্ত বিজয়ের পথ সুগম করেন। স্বাধীনতার এই গৌরবময় ভূমিকার স্মারক হিসেবেই প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।

বাণীতে প্রফেসর ইউনূস ছাত্র–শ্রমিক–জনতার গণ–অভ্যুত্থান, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, শিল্প–কারখানায় নিরাপত্তা প্রদানে সহযোগিতা, আইন–শৃঙ্খলা রক্ষা, অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, গত ১৫ মাসে জনগণের পাশে থেকে সশস্ত্র বাহিনীর সদস্যরা অক্লান্ত পরিশ্রম ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, যার ফলে দেশের সার্বিক পরিস্থিতির উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সম্ভব হয়েছে।

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যরা ভবিষ্যতেও জনগণের সঙ্গে একত্রে কাজ করে যাবে।

বাণীর শেষে তিনি সশস্ত্র বাহিনী দিবস–২০২৫ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন।