আফগান সীমান্তে পাকিস্তানি সেনার অভিযান: নিহত ২৩ টিটিপি জঙ্গি

0
48

আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় জঙ্গিবিরোধী দুটি অভিযান চালিয়ে কমপক্ষে ২৩ জন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)–সংযুক্ত জঙ্গিকে হত্যা করেছে পাকিস্তানের সেনাবাহিনী। বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান সেনাবাহিনী।

সেনাবাহিনীর দাবি, সাম্প্রতিক সহিংসতার ধারাবাহিকতায় এই অভিযান চালানো হয়। গত সপ্তাহে ইসলামাবাদের আদালত চত্বরে আত্মঘাতী বোমা হামলায় জড়িত ১২ জঙ্গিকে হত্যা করেছিল পাকিস্তানি বাহিনী। ওই হামলায় বহু মানুষ আহত হন এবং ইসলামাবাদ অভিযোগ করেছিল, হামলার পরিকল্পনা আফগানিস্তান থেকে করা হয়েছিল। পরে পাকিস্তানি তালেবানের একটি উপগোষ্ঠী হামলার দায় স্বীকার করে, যা দুই দেশের সম্পর্ককে আরও উত্তপ্ত করে তোলে।

এর মধ্যেই নতুন করে সীমান্তে অভিযান চালিয়ে ২৩ জঙ্গিকে হত্যা করে পাকিস্তানি সেনা। সেনাবাহিনী জানায়, নিহতরা টিটিপির সহযোগী গোষ্ঠীর সদস্য এবং তারা “বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী”। সেনাবাহিনী আরও হুঁশিয়ারি দিয়ে জানায়, সন্ত্রাসীদের নির্মূল করতে অভিযান পূর্ণ গতিতে চালিয়ে যাবে।

দীর্ঘদিন ধরেই আফগান-পাকিস্তান সীমান্ত অঞ্চলকে জঙ্গি তৎপরতার কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করা হয়। ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া সীমান্তবর্তী এলাকাগুলোতে সহিংসতা আরও বৃদ্ধি পায়। ইসলামাবাদ বহুবার অভিযোগ করেছে যে, আফগান সরকার পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী টিটিপিকে আশ্রয় দিচ্ছে—যারা অতীতে বহু প্রাণঘাতী হামলা চালিয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান অভিযোগ করেছে যে, আফগানিস্তানের সক্রিয় জঙ্গিগোষ্ঠীগুলোকে ভারত মদত দিচ্ছে। তবে ভারত ও আফগানিস্তান উভয় দেশই এ অভিযোগ অস্বীকার করেছে। গত মাসেই সীমান্তে ভয়াবহ সংঘর্ষে দুই দেশের ৭০ জনের বেশি মানুষ নিহত হয়—যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম মারাত্মক সহিংসতা হিসেবে চিহ্নিত।