কম্বোডিয়ায় সেতু থেকে বাস নদীতে পড়ে ১৬ জন নিহত, আহত ২৪

0
55

কম্বোডিয়ার মধ্যাঞ্চলে যাত্রীবাহী একটি বাস সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে অন্তত ১৬ জন নিহত এবং ২৪ জনেরও বেশি আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কাম্পং থম প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার (২১ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত ৩টার দিকে উত্তরাঞ্চলীয় ওদ্দার মিনচে প্রদেশ থেকে রাজধানী ফনম পেনে যাওয়ার পথে ৩৭ জন যাত্রীবাহী বাসটি একটি খালে পড়ে যায়। রাজধানীর পথে বাসটি সিয়েম রিপে যাত্রী তোলে—যা কম্বোডিয়ার শীর্ষ পর্যটন এলাকা এবং বিশ্বখ্যাত আংকর ওয়াট মন্দির কমপ্লেক্সের অবস্থান।

কর্তৃপক্ষ জানায়, সকল যাত্রীই কম্বোডিয়ার নাগরিক। দুর্ঘটনার সময় দুই চালক পালাক্রমে বাস চালাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, চালকদের একজন হয়তো ঘুমিয়ে পড়েছিলেন, যা দুর্ঘটনার কারণ হতে পারে। তিনি নিহতদের মধ্যে রয়েছেন কি না তা এখনও জানা যায়নি।

কম্বোডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সার সোখা ফেসবুকে দুর্ঘটনাস্থলের ছবি প্রকাশ করেন, যেখানে দেখা যায় ক্রেন দিয়ে অর্ধেক পানিতে ডুবে থাকা বাসটি টেনে তোলা হচ্ছে।

প্রাথমিভাবে নিহতের সংখ্যা ১৩ জন বলে জানানো হলেও নদী থেকে উদ্ধার অভিযান শেষ হওয়ার পর তা বেড়ে দাঁড়ায় ১৬ জনে। আহতদের কাম্পং থম প্রাদেশিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ অ্যাম্বুল্যান্সের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করেছে কর্তৃপক্ষ।

জাতীয় সড়ক নিরাপত্তা কমিটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ছয় মাসে কম্বোডিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রায় ৭০০ জনের মৃত্যু হয়েছে, যা আগের বছরের একই সময়ের প্রায় ৮০০ মৃত্যুর তুলনায় কিছুটা কম।