দেশে ভূমিকম্পে ঘরবাড়ি ধসে ও বিভিন্ন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় প্রধান উপদেষ্টা জানান, এক শিশুসহ কমপক্ষে পাঁচজনের মৃত্যুর খবর ইতোমধ্যে নিশ্চিত হওয়া গেছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গাজীপুরের কারখানা শ্রমিক এবং ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় একশ ব্যক্তি আহত হয়েছেন।
তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার কার্যক্রম জোরদার করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও আশা প্রকাশ করেন যে, দেশের জনগণ ধৈর্য ও সাহস নিয়ে এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করবেন।
এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের প্রাথমিক তথ্যে জানানো হয়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭ এবং এর কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী।