কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল কিনে না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে নিজ বাড়িতে পেট্রোলবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে ইমন (২২) নামে এক যুবক। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ইমনকে আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইমনের বাবা হাসেম আলী টাঙ্গাইলের একটি গ্লাস ফ্যাক্টরিতে চাকরি করেন। বেশ কিছুদিন ধরে ইমন বাবার কাছে সুজুকি জিক্সার মোটরসাইকেল কিনে দেওয়ার দাবি জানিয়ে আসছিল। দাবিতে রাজি না হওয়ায় পারিবারিক অশান্তি চলতেই থাকে। মাসখানেক আগে ইমন তার মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়।
গত মঙ্গলবার বাবা–মা বাড়ি ফিরে এলে ইমন আবারও মোটরসাইকেলের জন্য চাপ দেয়। তারা অস্বীকৃতি জানালে বৃহস্পতিবার রাতে ইমন বাড়ির উঠানে দুটি পেট্রোলবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটায়। প্রচণ্ড শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে লোকজন পুলিশে খবর দেয়।
ইমনের বাবা বলেন, “ইন্টারমিডিয়েট থেকেই ইমন মাদক ও নানা অপরাধে জড়িয়ে পড়েছে। ওর কারণে পরিবারে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছে। মোটরসাইকেল না পেয়ে সে আজ বাড়িতেই বোমা ফাটিয়েছে।”
দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ জানান, “ঘটনার পরপরই ইমনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”