পটুয়াখালীর দুমকিতে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ চারজন আহত

0
90

পটুয়াখালীর দুমকিতে বিরোধীয় জমির আধাপাকা ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ চারজন আহত হয়েছেন। আহতরা হলেন—মিলন সিকদার (৫০), সুরমা বেগম (৩৫), সুরাইয়া বেগম (৩৮) ও তিন বছরের শিশু রায়হান। এদের মধ্যে গুরুতর আহত সুরাইয়াকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে উপজেলার মুরাদিয়ার ৭ নম্বর ওয়ার্ডের ভাঙাব্রিজ সংলগ্ন চরগরবদি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শ্যামল শীল গং এবং শাহীন আলম ফোরকান গংদের মধ্যে তিন একর আটত্রিশ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আদালত সর্বশেষ শাহীন আলমের পক্ষের রায় দিলে তারা জমিতে ধান রোপণ করেন। তবে শ্যামল শীল গংরা রায়ের বিরুদ্ধে আপিল করেছেন।

সকালে শ্যামল শীল গংরা জোরপূর্বক জমির আধাপাকা ধান কাটতে গেলে ফোরকান গংরা বাধা দেয়। এ সময় শ্যামল শীল পক্ষের হামলায় সুরাইয়া বেগম ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হন। প্রথমে তাঁকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান।

শ্যামল শীল অভিযোগ করে বলেন, জমিটি তাঁদের বাপ-দাদার রেকর্ডভুক্ত হলেও আদালত প্রতিপক্ষের পক্ষে ‘অসৎভাবে’ রায় দিয়েছেন, যার বিরুদ্ধে তারা আপিল করেছেন। অন্যদিকে শাহীন আলম জানান, আদালতের রায় অনুযায়ী তারা জমিতে ধান রোপণ করেছেন, কিন্তু বিরোধী পক্ষ জোর করে ধান কাটতে এসে হামলা চালিয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত দুমকি থানার এসআই সজীব হোসেন বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে উত্তেজিত অবস্থায় পাই। পরিস্থিতি শান্ত করে কাটা ধান স্থানীয় জহিরুলের জিম্মায় রাখা হয়েছে। একজন গুরুতর আহত হওয়ায় তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।”

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”