“জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চক্রান্ত চলছে”—নাহিদ ইসলাম

0
53

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, জাতীয় পার্টিকে সামনে রেখে আওয়ামী লীগকে পুনর্বাসনের ‘চেষ্টা’ চলছে। এমন উদ্যোগ জনগণ মেনে নেবে না বলে তিনি দাবি করেন।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে ‘জুলাই গণহত্যাকারীদের বিচারের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও জোটসঙ্গীদের বিচারের দাবি’ শীর্ষক গণমিছিল বাংলা মোটর থেকে শুরু হয়ে শাহবাগ ও মৎস্য ভবন মোড় প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। এতে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, “জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চক্রান্ত চলছে। এমনটি হলে জনগণ মানবে না। ফ্যাসিবাদের সহযোগী কোনো দলকে নির্বাচনের সুযোগ দেওয়া যাবে না। এ ব্যাপারে আমরা কোনো আপস করবো না।”

তিনি আরও বলেন, “ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায়কে আমরা শুরুতেই স্বাগত জানিয়েছি। তবে তা দ্রুত কার্যকর করতে হবে। এতে মানুষ ইনসাফ পাবে। আমরা মনে করি এই রায় কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়; বরং জনগণের ন্যায়বিচার।”

ভারত সরকারের ভূমিকা নিয়ে তিনি দাবি করেন, “ভারত সরকার হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাকে ফেরত দিয়ে সম্পর্ক নতুনভাবে গড়ার সুযোগ রয়েছে। আমরা চাই বাংলাদেশের সঙ্গে ভারতের জনগণের মৈত্রী অটুট থাকুক।”

এনসিপি আহ্বায়ক আরও বলেন, “বিগত দিনে ফ্যাসিস্ট সরকার দেশ গুম-খুনসহ মানবতাবিরোধী অনেক কাজে জড়িত ছিল। তাদের বিচারে বর্তমান ট্রাইব্যুনালের কার্যক্রম অব্যাহত রাখা হবে।”

সমাবেশে বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, তাসনূভা জাবিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “আওয়ামী লীগ মানবতাবিরোধী দল। তারা পিলখানা, শাপলা, মোদিবিরোধী আন্দোলনসহ জুলাই আন্দোলনে গণহত্যা করেছে। তাই তাদের বিচার করতে হবে।”

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ভোটের সময় জাতীয় পার্টিকে সামনে রেখে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি। আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। তাদের বিচারের আওতায় আনতে হবে।”

তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, “যদি কোনো দল ভারতের সঙ্গে মৈত্রী করে ক্ষমতায় আসতে চায়, তাদের পরিণাম আওয়ামী লীগের মতো হবে।”