ঠাকুরগাঁওয়ে নসিমন ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিবসহ নয়জন আহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) রাতে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ট্রাক টার্মিনাল চব্বিশ টিউবওয়েল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাহমুদা মাসুম (৪৫), তার ছোট বোন মানসুরা মুন্নি (৪২), পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গোলাম জাকারিয়া (৩৮), চালক হারুনুর রশিদ (৩০), ছোট খোচাবাড়ি এলাকার সাজু ইসলাম (২৫), সুমন হোসেন (২৮), ওমর ফারুক (২৮), তার শিশু সন্তান তানভীর (৬) এবং নসিমনচালক রুবেল রানা। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় রংপুর থেকে পানি উন্নয়ন বোর্ডের একটি মাইক্রোবাস ঠাকুরগাঁও আসছিল। একই সময়ে একটি নসিমন খোচাবাড়ির দিকে যাচ্ছিল। ট্রাক টার্মিনাল চব্বিশ টিউবওয়েল এলাকায় পৌঁছালে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মাইক্রোবাস ও নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লাগে। এতে গাড়িগুলো দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আহতদের ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের মেডিকেল অফিসার রকিবুল আলম চয়ন জানান, চারজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে, বাকিদের চিকিৎসা চলছে।
দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ। তিনি অভিযোগ করে বলেন, “হাসপাতালে এসে দেখি কয়েকজন আহত পড়ে আছে, কিন্তু কোনো ডাক্তার নেই। জরুরি চিকিৎসায় অব্যবস্থাপনা মানুষের জীবনের প্রতি চরম উদাসীনতা।”
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনা ঘটেছে। বিস্তারিত তদন্ত চলছে।