ঢাকায় ভূমিকম্পে আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যয় সামাল দিতে সর্বোচ্চ ১৫ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। শুক্রবার রাতে জেলা প্রশাসক মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, ঢাকায় বসবাসরত কিংবা ঢাকায় কাজে এসে ভূমিকম্পের সময় দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তিরা এই সরকারি সহায়তা পাবেন। তবে সহায়তা পাওয়ার জন্য সংশ্লিষ্ট চিকিৎসকের লিখিত সুপারিশ বাধ্যতামূলক।
আহত ব্যক্তি নিজে অথবা তাঁর পক্ষে পরিচর্যাকারী কিংবা নিকটাত্মীয় ঢাকার জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে যোগাযোগ করে সহায়তা নিতে পারবেন। এ জন্য নির্ধারিত যোগাযোগ নম্বর: +৮৮০১৭০০৭১৬৬৭৮।
সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসন বিশেষভাবে অনুরোধ জানায়—ঢাকায় ভূমিকম্পে আহত রোগী বা তাঁদের স্বজনদের কাছে যেন দ্রুত এই তথ্যটি পৌঁছে দেওয়া হয়, যাতে তারা প্রয়োজনীয় আর্থিক সহায়তা গ্রহণ করতে পারেন।