ধর্ম অবমাননা মামলায় বাউলশিল্পী গ্রেপ্তার–সমালোচনায় ফারুকী: ‘আইন-শৃঙ্খলার সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের’

0
63

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে বাউলশিল্পী আবুল সরকার গ্রেপ্তার–পরবর্তী সমালোচনার জবাবে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। সোমবার (২৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক বিস্তৃত পোস্টে তিনি সরকারে যোগদানের পর গত চার দিনের ‘অস্বস্তিকর পরিস্থিতি’ এবং বিভিন্ন সমালোচনার প্রেক্ষিতে বক্তব্য তুলে ধরেন।

ফারুকী জানান, আবুল সরকারের গ্রেপ্তারের খবর পাওয়ার পরপরই তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সেখানে তাকে ঘটনার ভিডিও ও উত্তপ্ত পরিস্থিতির ব্যাখ্যা দেওয়া হয়। তিনি বলেন, “যেকোনো ফৌজদারি অপরাধে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে মূল ভূমিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আমি যা করার তা করছি, তবে এই বিষয়ে আমার মন্ত্রণালয়ের বিশেষ কোনো ক্ষমতা নেই।”

তিনি সবাইকে ধৈর্য ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, দেশের ধর্মীয়–সামাজিক সম্প্রীতিই সামনে এগিয়ে যাওয়ার প্রধান শক্তি।

ফারুকী অভিযোগ করেন, সমালোচকদের লক্ষ্যবস্তু হচ্ছে তিনি, অথচ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কেউ দায়ী করছেন না। তিনি বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্মিত সমসাময়িক ডকুমেন্টারি নিয়ে কিছু মহলের অস্বস্তি আগেই ছিল। তা থেকেই হয়তো তার বিরুদ্ধে ‘গাত্রদাহ’ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও যোগ করেন, “শহীদেরা আমাকে এই কাজ করতেই পাঠিয়েছে। ইতিহাস গোপন বা নির্বাচিতভাবে তুলে ধরার যে প্রবণতা বহু বছর ধরে চলছে, সেটির বিরুদ্ধে তরুণ গবেষকরা এখন কাজ করছেন।”

বাউলশিল্পী গ্রেপ্তারের ঘটনায় “লালন সেলিব্রেট করে আবার বাউলদের নিগৃহীত করা হচ্ছে”– এমন সমালোচনার প্রতিক্রিয়ায় ফারুকী বলেন, বাউলদের ওপর হামলা বা হয়রানির ইতিহাস নতুন নয়। পূর্ববর্তী সরকারগুলোতেও বাউলদের ওপর হামলা–গ্রেপ্তারের বহু উদাহরণ রয়েছে।

তিনি বলেন, সংস্কৃতি মন্ত্রণালয় লালনকে জাতীয়ভাবে উদ্‌যাপনের মাধ্যমে বাউলদের পাশে থাকার বার্তা দিয়েছে। পাশাপাশি সারাদেশে সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়েছে এবং প্রথমবারের মতো ঈদ, বৌদ্ধ পূর্ণিমা, দুর্গাপূজা ও নববর্ষ একসঙ্গে সরকারি উদ্যোগে পালন করা হয়েছে।

ফারুকী ড্রোন শোকে কেন্দ্র করেও সমালোচনার জবাব দেন। তিনি বলেন, বিশ্বজুড়ে বড় বড় ইভেন্টে এখন ড্রোন শো সাধারণ বিষয়। গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের উদ্বোধনসহ নানা আন্তর্জাতিক আয়োজনেও ড্রোন শো ব্যবহৃত হচ্ছে। তাই এ নিয়ে ভয় বা বিরূপ প্রতিক্রিয়া ‘অযৌক্তিক’ বলেও মন্তব্য করেন তিনি।

ফারুকী বলেন, কোথাও যদি অসহিষ্ণুতা বা সহিংসতার ঘটনা ঘটে, তবে করণীয় হলো অপরাধীদের আইনের আওতায় আনা, কিন্তু সংস্কৃতিচর্চা বা উদ্‌যাপন বন্ধ করে দেওয়া নয়। তিনি মন্তব্য করেন, “অন্য কারণে রাগ থাকলে তা আমার ওপর ঢালতে পারেন, তবে আমাদের কাজ এগিয়ে যাবে—আনফরচুনেটলি আপনাকে আরো জ্বলতে হবে।”