রাজশাহীর গোদাগাড়ীতে কোটি টাকার হেরোইনসহ তরুণ গ্রেপ্তার

0
32

রাজশাহীর গোদাগাড়ীতে কোটি টাকার এক কেজি হেরোইনসহ মো. সিয়াম (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (২৩ নভেম্বর) রাত ১১টার দিকে মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় র‌্যাব-৫ এর রাজশাহী ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। সিয়াম ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে।

সোমবার (২৪ নভেম্বর) সকালে র‌্যাব-৫ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, সিয়াম দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী প্রত্যন্ত চর এলাকা থেকে হেরোইনের চালান এনে নিজ বাড়িতে মজুত করতেন। এরপর সুযোগ বুঝে বিভিন্ন এলাকায় ওই মাদক সরবরাহ করতেন।

অভিযানের আগের দিনও তিনি পদ্মার চর এলাকা থেকে একটি বড় চালান সংগ্রহ করে বাড়ির চালের ভেতর লুকিয়ে রাখেন। র‌্যাব সদস্যরা উপস্থিত সাক্ষীদের সামনে চালভর্তি বস্তা থেকে এক কেজি হেরোইন উদ্ধার করে।

লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ জানান, সিয়াম পেশাদার মাদক ব্যবসায়ী। তাকে গ্রেপ্তার করতে অতীতে একাধিকবার অভিযান চালানো হলেও প্রতিবারই তিনি পালিয়ে আত্মগোপনে চলে যেতেন। এবার তাকে হাতেনাতে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।