প্লট বরাদ্দে অনিয়ম মামলায় রায় ১ ডিসেম্বর

0
26

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও আরও ১৫ জন আসামির রায় ঘোষণার জন্য আগামী ১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার এ দিন নির্ধারণ করেন।

মামলায় আসামি হিসেবে আছেন— জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

এদের মধ্যে মোহাম্মদ খুরশীদ আলম বর্তমানে কারাবন্দি।

দুদকের উপপরিচালক সালাহউদ্দিন চলতি বছরের ১৩ জানুয়ারি মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়—পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগ রয়েছে।

তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ১০ মার্চ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

গত ৩১ জুলাই বিশেষ জজ আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু করেন।

বিচার চলাকালে মামলায় ৩২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।