মানিকগঞ্জে বাউল শিল্পীদের মানববন্ধনে হামলা: অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা

0
34

মানিকগঞ্জে কারাবন্দি বাউল শিল্পী আবুল সরকার মহারাজের মুক্তির দাবিতে মানববন্ধনে যোগ দিতে আসা বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতপরিচয় ২০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সোমবার বিকেলে সদর থানায় আহত বাউল শিল্পী জহিরুল ইসলামের বাবা আলাউদ্দিন ভুইয়া মামলাটি দায়ের করেন।

পুলিশ জানায়, রবিবারে ঘটে যাওয়া হামলার বিষয়ে তাদের পক্ষ থেকেও একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে ঘটনার দু’দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার বিষয়ে তৌহিদী জনতা অভিযোগ করে জানায়, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শহীদ স্মৃতিস্তম্ভের দিকে বিক্ষোভ মিছিল যাওয়ার সময় আগে থেকেই অবস্থান নেওয়া আবুল সরকারের ৪০–৫০ জন অনুসারী বাঁশ, লাঠি, লোহার রড ও পাইপ নিয়ে হামলা চালায়। এতে তাদের অন্তত তিন–চারজন আহত হন।

অন্যদিকে বাউল শিল্পীরা জানান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে পূর্বনির্ধারিত মানববন্ধনের প্রস্তুতি নিতে গেলে তৌহিদী জনতার একটি অংশ তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে ও ধাওয়া দেয়। এতে বাউল শিল্পী আব্দুল আলিম, আরিফুল ইসলাম ও জহিরুল ইসলাম আহত হন। আহতরা হাসপাতালে ভর্তি হলেও রাতে নিরাপত্তাহীনতার কারণে হাসপাতাল ছেড়ে চলে যেতে বাধ্য হন। তৌহিদী জনতার আহত সদস্যরাও চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর ঘিওরের জাবরা এলাকায় পালাগানের অনুষ্ঠানে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ উঠলে বাউল শিল্পী ও বাংলাদেশ বাউল সমিতির সভাপতি আবুল সরকার মহারাজের বিরুদ্ধে মামলা হয়। পরে ২০ নভেম্বর মাদারীপুর থেকে তাকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। আদালত দুই দফায় তার জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।