শেরপুরে অবৈধভাবে মজুত ২৪৮ বস্তা চাল জব্দ, টিসিবি ডিলার আটক

0
46

শেরপুরে অবৈধভাবে মজুত রাখা ২৪৮ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে পৌর শহরের শেখহাটি বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় টিসিবি ডিলার নজরুল ইসলামকে (৩৫) আটক করা হয়েছে। তিনি সদরের পাকুরিয়া ইউনিয়নের গণই বরুয়াপাড়া গ্রামের মৃত একাব্বর হাজীর ছেলে।

পুলিশ ও প্রশাসন সূত্রে জানা যায়, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে টিসিবির পণ্য বিক্রি করে আসছিলেন। তবে গ্রাহকদের জন্য বরাদ্দ চাল সরবরাহ না করে তা গোপনে জান্নাত এন্টারপ্রাইজ নামে একটি দোকানে মজুত করা হচ্ছিল। এনএসআই-এর গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া। অভিযান শেষে ২৪৮ বস্তায় প্রায় সাড়ে ৭ টন চাল জব্দ করে সদর থানায় নেওয়া হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, “এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে টিসিবি ডিলার নজরুলকে আটক করা হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অবৈধভাবে সরকারি চাল মজুতের ঘটনায় এলাকায় সমালোচনার ঝড় উঠেছে।