এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ইএফটির মাধ্যমে বিল সাবমিটের নির্দেশ

0
44

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পাঠানোর জন্য নভেম্বর মাসের বিল আগামী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এর মধ্যে অনলাইনে সাবমিট করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (২৫ নভেম্বর) জারি করা মাউশির এক চিঠিতে জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এমপিওভুক্তদের বেতন ইএফটি মাধ্যমে প্রদান করা হচ্ছে। জুলাই পর্যন্ত অর্থ সরাসরি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। আগস্ট থেকে প্রতিষ্ঠান প্রধানদের অনলাইনে মাসভিত্তিক এমপিও বিল সাবমিট করার ব্যবস্থা চালু করা হয়েছে।

এ জন্য প্রতিষ্ঠান প্রধানরা তাদের নিজস্ব আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের এমপিও–ইএফটি মডিউলে লগ-ইন করে সংশ্লিষ্ট মাসের বিল জমা দেবেন। নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি শিক্ষক-কর্মচারীর প্রাপ্য এমপিও সঠিকভাবে নির্ধারণ করেই সাবমিট করতে হবে। প্রতিষ্ঠান প্রধানের দেওয়া তথ্য অনুযায়ীই এমপিওর টাকা ইএফটির মাধ্যমে সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হবে।

চিঠিতে আরও বলা হয়, এমপিও তালিকায় অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে কেউ মৃত্যুবরণ বা পদত্যাগ করলে সংশ্লিষ্ট মাসের বিধিমোতাবেক প্রাপ্যতা হিসাব করে বিল দিতে হবে। সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে কারও আংশিক বা পূর্ণ বেতন কর্তনের প্রয়োজন হলে সেটিও বিল সাবমিটের সময় উল্লেখ করতে হবে।

মাউশি স্পষ্ট করে জানায়, শিক্ষক-কর্মচারীর এমপিওর অর্থ প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে টাকা পাঠানো না হলে বা অতিরিক্ত অর্থ পাঠানো হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।