সোনারগাঁয়ে কোয়ার্টার থেকে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

0
54

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় রিয়া মনি (২২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে কামারগাঁও এলাকায় একটি র‌্যাংগস কোম্পানির স্টাফ কোয়ার্টারে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আদিলকে আটক করেছে পুলিশ।

নিহত রিয়া মনি জামালপুরের চুনুটিয়া গ্রামের হালিম মন্ডলের মেয়ে। বিয়ের পর গত ৯ মাস ধরে স্বামী বাবুর্চি আদিলের সঙ্গে ওই কোয়ার্টারে বসবাস করছিলেন তিনি। স্থানীয়রা জানান, সকালে কোয়ার্টারের ঘরের ভেতরে রিয়া মনির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহাম্মেদ জানান, প্রাথমিকভাবে এটি কুপিয়ে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি বটি উদ্ধার করা হয়েছে। নিহতের স্বামী আদিলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এলাকাটি সুরক্ষিত হওয়ায় অন্য কেউ জড়িত কিনা—তা তদন্তেই নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।