জাতীয় দল ও ক্লাব—দুই জায়গাতেই দুর্দান্ত ফর্মে থাকা রিয়াল মাদ্রিদের ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপে আবারও রেকর্ডের ফুলঝুরি ছড়ালেন। বুধবার রাতে অলিম্পিয়াকোসের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে একাই চার গোল করে রিয়ালকে ৪-৩ ব্যবধানের কষ্টার্জিত জয় এনে দেন তিনি। এর মধ্যে মাত্র ৬ মিনিট ৪২ সেকেন্ডে হ্যাটট্রিক, যা চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক।
কারাইসকাকিস স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ে ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে রিয়াল। কিন্তু প্রথম লিড নেয় ঘরের দল অলিম্পিয়াকোস। ৮ মিনিটে পর্তুগিজ মিডফিল্ডারের নিচু শটে এগিয়ে যায় তারা। ২২ মিনিটে ভিনিসিয়ুসের থ্রু পাস থেকে নিচু শটে সমতা আনেন এমবাপে। এরপর ২৪ মিনিটে আর্দা গুলারের ক্রসে দুর্দান্ত হেডে দ্বিতীয় গোল এবং ২৯ মিনিটে কামাভিঙ্গার পাস থেকে কোনাকুনি শটে পূর্ণ করেন হ্যাটট্রিক।
এমবাপের এই দ্রুত হ্যাটট্রিকের আগে রেকর্ডটি ছিল মোহামেদ সালাহর। ২০২২ সালে রেঞ্জার্সের বিপক্ষে লিভারপুল তারকা ৬ মিনিট ১৩ সেকেন্ডে হ্যাটট্রিক করেছিলেন।
দ্বিতীয়ার্ধে ম্যাচের রোমাঞ্চ আরও বাড়ে। ৫২ মিনিটে মেহদি তারেমির হেডে ব্যবধান কমায় অলিম্পিয়াকোস। তবে ৬০ মিনিটে ভিনিসিয়ুসের কাটব্যাকে এক স্পর্শে নিজের চতুর্থ গোল করে আবারও রিয়ালকে স্বস্তি দেন এমবাপে। চলমান ইউসিএলের পাঁচ ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়াল ৯—বর্তমানে তিনি আসরের সর্বোচ্চ গোলদাতা।
তবুও হাল ছাড়েনি অলিম্পিয়াকোস। ৮১ মিনিটে এল কাবি হেডে গোল করে ব্যবধান ৪-৩ করেন। শেষ মুহূর্তে রিয়ালকে যথেষ্ট চাপেও ফেলে গ্রিসের ক্লাবটি। তবে অতিরিক্ত সময়ে আর গোল না হওয়ায় জাবি আলোনসোর দল মাঠ ছাড়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে।
চ্যাম্পিয়ন্স লিগে এটিই রিয়ালের প্রথমবার অলিম্পিয়াকোসের মাঠে জয়। পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে আছে লস ব্লাঙ্কোসরা।