সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রাক চাপায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের চাকসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান উল্লাপাড়া থানার এস আই সারোয়ার হোসেন।
নিহত ১৬ বছর বয়সী শিমুল পারভেজ উপজেলার কয়রা ইউনিয়নের ভাগলপুর গ্রামের মামুন সরকারের ছেলে এবং কয়রা উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র ছিলেন।
আহত চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
এসআই সারোয়ার বলেন, “দুই শিক্ষার্থী মোটরসাইকেলে করে ঘটনাস্থলে পৌঁছলে একটি ট্রাক পেছন থেকে তাদের চাপা দেয়।
“আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেলের আরোহী শিমুলকে মৃত ঘোষনা করেন।”
তিনি বলেন, দুর্ঘটনার পর বিক্ষুব্দ জনতা ট্রাকটির সামনের গ্লাস ভাঙচুর করেছে। ট্রাকের চালক উপজেলার কমলকান্দি গ্রামের সবুজ আলীকে আটক এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।