রংপুর অঞ্চলের সীমান্ত সুরক্ষা আরও জোরদার করতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ‘চতুরবাড়ী বিওপি’ নামে নতুন ক্যাম্প চালু করেছে বিজিবি।
বৃহস্পতিবার দুপুরে তিস্তা ব্যাটালিয়ন-৬১ বিজিবির আওতাধীন উপজেলার জোংড়া ইউনিয়নে এ ক্যাম্প উদ্বোধন করেন উত্তর-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।
বিজিবি জানায়, তিস্তা ব্যাটালিয়ন দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ২০০ কিলোমিটার সীমান্ত এলাকার দায়িত্ব পালন করে আসছে। তবে ধবলগুড়ি ও খারিজাজোংড়া বিওপি দুটির মাঝামাঝি এলাকায় অপারেশনাল ফাঁক থাকায় চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণে নতুন বিওপি স্থাপনের প্রয়োজন ছিল।
সেই লক্ষে চতুরবাড়ী এলাকায় নতুন আউটপোস্টটি স্থাপন করা হয় বলে জানায় বিজিবি।
উদ্বোধন অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল নাছের বলেন, “বিজিবি ‘আস্থা ও নিরাপত্তা’ মূলমন্ত্র নিয়ে প্রতিকূল পরিবেশেও দেশের সীমান্ত রক্ষায় কাজ করছে। নতুন বিওপি যুক্ত হওয়ায় বর্ডার ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে।”
তিনি বলেন, “সীমান্ত এলাকায় কখনো কখনো ভুল তথ্য ও গুজব ছড়ানো হয়, এ ধরনের তথ্য পেলে সঙ্গে সঙ্গে আমাদের জানালে, তা যাচাই করব। সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণ, সংবাদমাধ্যম কর্মী ও সুশীল সমাজের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কর্নেল এস এম শফিকুর রহমান ও ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।