মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রতিপক্ষের হামলায় যুবক খুন, এলাকায় উত্তেজনা

0
50

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের হামলায় জয় সরকার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। দীর্ঘদিন ধরে চলা পূর্বের বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে।

বুধবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চৌদ্দকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নিহত জয় সরকার ওই গ্রামের জামাল সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জয় সরকারের পরিবার এবং গ্রামের নান্নুর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্বশত্রুতা চলছিল। এর আগেও বেশ কয়েকবার নান্নু ও তার লোকজন জামাল সরকারের পরিবারের ওপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে নান্নু ও বেকু হাসানের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী চৌদ্দকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে জয় সরকারের ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো ছুরি দিয়ে জয়কে এলোপাতাড়ি কোপাতে থাকে, যার ফলে জয় গুরুতর জখম হন।

জয়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নূরে আলম জিকু জানান, রাত সাড়ে ৯টার দিকে জয় সরকারকে হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন ছিল। চিকিৎসক ধারণা করছেন, অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই তার মৃত্যু হয়েছে।

নিহত জয়ের বাবা জামাল সরকার অভিযোগ করে বলেন, “আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।”

এদিকে, অভিযুক্ত নান্নু ও বেকু হাসানের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এ ঘটনায় একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”