টঙ্গীতে ৫ দিনের জোড় ইজতেমা শুরু, আখেরি মোনাজাত মঙ্গলবার

0
70

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের আয়োজনে শুরু হয়েছে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা। শুক্রবার (২৮ নভেম্বর) ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে এই ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। আগামী মঙ্গলবার (২ ডিসেম্বর) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই বিশেষ আয়োজন।

তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

আয়োজকরা জানান, প্রতি বছর বিশ্ব ইজতেমার মূল পর্বের পূর্বপ্রস্তুতি হিসেবে এই জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। এই ৫ দিনের আয়োজনে দেশ-বিদেশের শুরায়ি নেজামের প্রবীণ মুরুব্বিরা টঙ্গীতে সমবেত হয়েছেন। এখানে তাবলিগের সাথীরা তাদের সারা বছরের কাজের কারগুজারি (প্রতিবেদন) পেশ করবেন এবং মুরুব্বিদের কাছ থেকে রাহবারি (দিকনির্দেশনা) গ্রহণ করবেন।

হাবিবুল্লাহ রায়হান বলেন, ‘‘পাঁচদিনের এই জোড় তাবলীগ জামাতের সোনালি ঐতিহ্য এবং দাওয়াতের কাজের চেতনার স্পন্দন জাগানো একটি বিশেষ আয়োজন। এখান থেকেই সারা বছরের কাজের সঠিক নকশা ও দিকনির্দেশনা নির্ধারিত হয়।’’

তিনি আরও উল্লেখ করেন, বড়দের বয়ানের মাধ্যমে দাঈদের আমল, দাওয়াত, তরতিব এবং দেশের প্রেক্ষাপটে করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়, যা একজন সাথীর দুনিয়া ও আখেরাতের জিন্দেগি পরিচালনায় দিশা দেয়।

অংশগ্রহণের শর্ত ও প্রস্তুতি জোড় ইজতেমায় সাধারণ মুসল্লিদের অংশগ্রহণের সুযোগ নেই। আয়োজকরা জানান, এতে কেবল তিন চিল্লার সাথী এবং কমপক্ষে এক চিল্লা সময় লাগানো আলেমরা অংশ নিতে পারেন। এর মাধ্যমে জোড়ের স্বতন্ত্র মর্যাদা ও গুরুত্ব বজায় রাখা হয়।

ইজতেমা সফল করতে ময়দানের উত্তর পাশে বিশাল চট ও সামিয়ানার ছাউনি নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যেই সেখানে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি ও তাবলিগের সাথী অবস্থান নিয়েছেন। আগামী ৫ দিন তারা এখানেই অবস্থান করে দাওয়াতি কাজের পরিকল্পনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করবেন।