খুলনার খালিশপুরে ছুরিকাঘাতে যুবক নিহত

0
50

খুলনার খালিশপুরে দুই দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঈশান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় রাজ নামে আরেক যুবক গুরুতর আহত হন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে খালিশপুর ফেয়ার ক্লিনিকের মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত ঈশান মুজগুন্নী পেটকা বাজার এলাকার মাছ ব্যবসায়ী সহিদুজ্জামান বাচ্চুর ছেলে। আহত রাজ সোনাডাঙ্গা দ্বিতীয় ফেজ এলাকার মিজান উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে ফেয়ার ক্লিনিকের সামনে দুই পক্ষের মধ্যে মারামারির এক পর্যায়ে দুর্বৃত্তরা ঈশান ও রাজকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঈশানের অবস্থা অবনতি হলে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঈশানের বাবা সহিদুজ্জামান বাচ্চু জানান, তিনি ব্যবসায়িক কাজে থাকাকালীন ছুরিকাঘাতের খবর পান। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি করেন।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, ফেয়ার ক্লিনিকের সামনে দুই পক্ষের মধ্যে মারামারির সময় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহত দুজনকে হাসপাতালে নেওয়া হলে ঈশান মারা যান, আর রাজ চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।