সিরাজগঞ্জে নারী ইউপি সদস্যকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

0
31

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য পেয়ারা খাতুনকে (৩৪) শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে রতনকান্দি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত পেয়ারা ওই ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। ঘটনার পর থেকেই তার স্বামী যুবদল নেতা আব্দুল আলীম পলাতক।

শাহজাদপুর থানার ওসি আসলাম আলী আলোকিত বাংলাদেশকে জানান, প্রায় এক বছর আগে পেয়ারা তার প্রথম স্বামীকে তালাক দেন। এরপর আব্দুল আলীমের প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও তিনি পেয়ারাকে জোরপূর্বক দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর বিভিন্ন সময়ে আলীমের কাছে প্রায় ১৭ লাখ টাকা দেন পেয়ারা। এসব আর্থিক লেনদেন ও পারিবারিক কারণে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ সৃষ্টি হতো। এ নিয়ে গ্রাম্য সালিশও হয়েছে একাধিকবার।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে—দীর্ঘদিনের দ্বন্দ্বের জের ধরেই বৃহস্পতিবার রাতে পেয়ারা খাতুনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যার পর থেকেই আলীমসহ পরিবারের সদস্যরা পলাতক।

শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং পলাতক আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।