হাসিনার প্রত্যর্পণ ভারত খতিয়ে দেখছে, তবে শুরুটা হবে কামালকে দিয়ে: প্রেস সচিব

0
44

জুলাই গণহত্যার মামলায় দণ্ডিত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি ভারত খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তবে তিনি মনে করেন, অপরাধীদের ফিরিয়ে আনার এই প্রক্রিয়াটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়েই শুরু হবে।

শুক্রবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে শফিকুল আলম দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে লেখেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর চালানো গণহত্যার অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগ নেতৃত্বকে একদিন অবশ্যই বাংলাদেশের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তিনি উল্লেখ করেন, ভারত সরকার ইতোমধ্যে হাসিনার প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করছে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘ঢাকার কসাই’ হিসেবে অভিহিত করে প্রেস সচিব বলেন, ‘‘আমরা জানি, হাসিনার শক্তিশালী সমর্থক গোষ্ঠী রয়েছে। তবুও আমি ক্রমেই আরও দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করেছি যে, আসাদুজ্জামান খান কামাল—যিনি ঢাকার কসাই হিসেবে পরিচিত—খুব শিগগির বিচারের মুখোমুখি হতে বাংলাদেশে প্রত্যর্পিত হবেন।’’

তিনি আরও উল্লেখ করেন, শেখ হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে সংঘটিত অপরাধগুলোর ওপর সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশি আলো পড়ছে। বিশেষ করে গুম ও গণহত্যার ঘটনায় কামালের ভূমিকা বৈশ্বিক গণমাধ্যমের আরও বেশি মনোযোগ আকর্ষণ করবে।

শফিকুল আলম তার স্ট্যাটাসে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কামাল বা অন্য আওয়ামী লীগ নেতারা যত অর্থই ব্যয় করুক না কেন, চিরদিন এই দায় এড়ানো সম্ভব হবে না।

স্ট্যাটাসের শেষে তিনি বিচার নিশ্চিতে জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, ‘‘আমরা জাতি হিসেবে যদি জুলাইয়ের গণহত্যার শিকারদের জন্য এবং হাসিনা আমলে সংঘটিত সব মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে দৃঢ় ও মনোনিবেশ থাকতে পারি, তবে যারা এসব ঘটনার জন্য দায়ী, তাদের পক্ষে পরিণতি এড়িয়ে যাওয়া দিন দিন আরও কঠিন হয়ে উঠবে। এটি শুরু হবে কামালকে দিয়ে, এরপর একে একে…।’’