হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৯৪

0
65

হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৯৪-এ দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৭৬ জন, যার মধ্যে ১১ জন দমকল কর্মীও রয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) ভোরে ফায়ার সার্ভিসের সর্বশেষ আপডেটে এ তথ্য জানানো হয়।

আগুন কমপ্লেক্সটির আটটি ব্লকে দ্রুত ছড়িয়ে পড়ে। নির্মাণকাজে ব্যবহৃত বাঁশের মাচা ও ভবনের ভেতরে থাকা দাহ্য পদার্থ আগুনের গতি আরও বাড়িয়ে দেয়। ঘণ্টার পর ঘণ্টা জ্বলতে থাকা আগুন প্রায় পুরো কমপ্লেক্সকে ভস্মীভূত করে দেয়।

নিহতদের মধ্যে ৩৭ বছর বয়সী এক ফায়ার কর্মীও রয়েছেন। ভবনের ভেতর এখনো নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে।

দুর্যোগ কীভাবে শুরু হয়েছিল, তা জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। নির্মাণকাজে ব্যবহৃত বাঁশের কাঠামো ও প্লাস্টিকের জালও তদন্তের আওতায় রয়েছে। এছাড়া হংকংয়ের দুর্নীতি দমন সংস্থা কমপ্লেক্সটির সংস্কারকাজ নিয়েও তদন্ত করছে। এর আগে ফোম প্যাকেজিং অসাবধানতাবশত ফেলে রাখার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাসিন্দারা জানিয়েছেন, আগুন লাগার সময় তারা কোনো সতর্ক সংকেত পাননি। তাই পাড়া–প্রতিবেশীদের নিজ উদ্যোগে ডোরবেল বাজিয়ে ও দরজায় নক করে আগুনের খবর জানাতে হয়েছে। এক বাসিন্দা বলেন, “আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছিল। একটি হোস পাইপ দিয়ে কয়েকটি ভবন বাঁচানোর চেষ্টা হচ্ছিল—এটি খুবই ধীর মনে হয়েছে।”

অগ্নিকাণ্ডের পর স্থানীয় বাসিন্দা ও দমকলকর্মীদের পাশাপাশি নানান স্থান থেকে হাজারো মানুষ ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসেন। ৩৮ বছর বয়সী স্টোন নামে এক স্বেচ্ছাসেবী জানান, “হংকংবাসীর মানসিকতা হলো—একজন বিপদে পড়লে সবাই সহায়তার হাত বাড়িয়ে দেয়।”

সূত্র: বিবিসি, এএফপি