বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার প্রয়োজনে বিদেশে নেওয়ার সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে মেডিকেল বোর্ড। তবে বর্তমান শারীরিক অবস্থার কারণে এখনই তাকে উড়ানের উপযোগী মনে করছেন না চিকিৎসকরা।
শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পর এসব তথ্য জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
মান্না সাংবাদিকদের বলেন, মেডিকেল বোর্ডের চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ফ্লাই করার মতো উপযোগী নয়। তবুও তাকে বিদেশে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। এক্ষেত্রে প্রথম বিকল্প হিসেবে সিঙ্গাপুর এবং পরবর্তীতে ইউরোপের কয়েকটি দেশের কথা বিবেচনায় রয়েছে।
তিনি আরও জানান, চিকিৎসকরা এখনো আশাব্যঞ্জক কোনো খবর দিতে পারেননি। গতকালের মতোই খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন থাকলেও তাতে উন্নতি বা অবনতি, কোনোটিই হয়নি। চিকিৎসকরা দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
প্রায় ৮০ বছর বয়সী নানা জটিল রোগে আক্রান্ত খালেদা জিয়াকে ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের সমস্যার কারণে গত ২৩ নভেম্বর আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মেডিকেল বোর্ডের অধীনে সিসিইউতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।