“জনগণের বিরুদ্ধে গিয়ে কেউ জাতীয় নির্বাচন ঠেকাতে পারবে না: ড. মোশাররফ”

0
49

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো শক্তি আগামী জাতীয় নির্বাচন ঠেকাতে পারবে না। তিনি দাবি করেন, জনগণ এখন সম্পূর্ণভাবে নির্বাচনমুখী এবং নির্বাচনি উৎসব পালন করতে আগ্রহভরে অপেক্ষা করছে।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের মেঘনা উপজেলার মানিকার চর উচ্চ বিদ্যালয় মাঠে গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার শুরু হয়েছে। এটি দেখে ভীত হয়ে কেউ কেউ অযৌক্তিক অজুহাত তুলে নির্বাচন বাধাগ্রস্ত বা পেছানোর ষড়যন্ত্র করছে। দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে সব রাজনৈতিক দলকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

ড. মোশাররফ দাবি করেন, গত ১৫ বছর জনগণ কোনো নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পায়নি। যখনই দেশের মানুষ ভোটের সুযোগ পেয়েছে, তারা বিপুল ভোটে বিএনপিকে ক্ষমতায় এনেছে। জনগণ বিশ্বাস করে—বিএনপি ক্ষমতায় থাকলে অর্থনৈতিক সচ্ছলতা, উন্নয়ন, গণতন্ত্র, শান্তি ও স্থিতিশীলতা দেশে ফিরে আসে।

সমাবেশ শেষে কুমিল্লা-১ আসনের বিএনপি প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ধানের শীষের পক্ষে গণমিছিলটি মানিকার চর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে ফায়ার সার্ভিস রোডে গিয়ে শেষ হয়।

মেঘনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. রমিজউদ্দিন লন্ডনীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান। সমাবেশে দাউদকান্দি ও মেঘনা আসনের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।