জানুয়ারিতেই সব প্রাথমিক শিক্ষার্থী বই পাবে: প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা উপদেষ্টা

0
62

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার নিশ্চিত করেছেন যে, আগামী জানুয়ারির শুরুতেই প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা নতুন শিক্ষাবর্ষের সব বই হাতে পাবে। একই সঙ্গে তিনি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সরকার কর্তৃক গৃহীত নতুন উদ্যোগের কথা জানিয়েছেন।

শ‌নিবার (২৯ নভেম্বর) সকালে ভোলা জেলা প্রশাসকের হলরুমে অনুষ্ঠিত একটি সে‌মিনা‌র শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তি‌নি এসব কথা ব‌লেন। পিইডি‌পি-৪ ও চা‌হিদা‌ভি‌ত্তিক সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়ের উন্নয়ন প্রক‌ল্পের আওতায় অবকাঠা‌মো নির্মাণ কার্যক্রম সমা‌প্তির কৌশল নির্ধারণ বিষয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

বই বিতরণ সম্পর্কে ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘‘জানুয়া‌রির শুরুতে প্রাথমিক শিক্ষার্থীরা সব বই পাবে। এটা আমি নি‌শ্চিতভাবে বল‌তে পার‌ছি। এখনই জেলা পর্যায়ে অনেক বই চলে গেছে।’’

তিনি প্রাথমিক শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে শিক্ষকদের ভূমিকার ওপর জোর দেন এবং তাদের অবস্থার উন্ন‌তির জন্য চলমান প্রচেষ্টার কথা জানান। তিনি বলেন, ‘‘প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক‌দের আমরা ১০তম গ্রেড দিয়ে‌ছি। সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড দেওয়ার জন্য চেষ্টা কর‌ছি। আশা কর‌ছি সফল হ‌বো।’’

এছাড়াও, যেসব প্রাথ‌মিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র হবে, সেগু‌লো মেরামত করার জন্য ইতোমধ্যে নি‌র্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সেমিনারের পর বেলা সাড়ে ১১টার দিকে জেলা প‌রিষদ হলরুমে ‘প্রাথ‌মিক শিক্ষার গুনগত মান উন্নয়নে শিক্ষাসংশ্লিষ্ট অংশীজনের ভু‌মিকা’ শীর্ষক একটি মত‌বি‌নিময় সভায় অংশ নেন প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা উপদেষ্টা।

ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমা‌নের সভাপ‌তিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথ‌মিক শিক্ষা অধিদপ্তরের (পিইডি‌পি-৪) এর অতিরিক্ত মহাপ‌রিচালক মো. আতিকুর রহমান এবং প্রাথ‌মিক শিক্ষা অধিদপ্তরের প‌রিকল্পনা ও উন্নয়ন প‌রিচালক মিরাজুল ইসলাম উকিল।