যশোরে ৫টি বিদেশি পিস্তল ও ৫০ রাউন্ড গুলিসহ অস্ত্র কারবারি আটক

0
13

যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে অভিযান চালিয়ে ৫টি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ গুলি ও মাদকসহ লিটন গাজী (৩৮) নামের এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (২৯ নভেম্বর) গভীর রাতে উপজেলার মধুগ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়।

রোববার (৩০ নভেম্বর) পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার লিটন গাজী মধুগ্রামের নুর ইসলাম গাজীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হক ভূঁঞার নেতৃত্বে একটি বিশেষ টিম শনিবার গভীর রাতে লিটন গাজীর বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তার শোবার ঘরের বক্সখাটের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৫টি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন এবং ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া ওই বাড়ি থেকে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাও জব্দ করা হয়।

ডিবি পুলিশের ওসি মনজুরুল হক ভূঁঞা জানান, অভিযানের সময় লিটন গাজীকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া লিটনের বিরুদ্ধে এর আগেও থানায় তিনটি মামলা রয়েছে বলে জানান তিনি।