গাজায় নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়াল: যুদ্ধবিরতির মধ্যেও অব্যাহত ইসরাইলি হামলা

0
45

যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের সামরিক হামলা অব্যাহত থাকায় প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলের আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) স্থানীয় সময় এই তথ্য প্রকাশ করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৭০ হাজার ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৯০০ জনেরও বেশি।

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত অক্টোবরে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরাইলের হামলা থামেনি। গাজার সরকারি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি স্বাক্ষরের পরও এখন পর্যন্ত ৫৩৫টি ইসরাইলি হামলা রেকর্ড করা হয়েছে।

শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরাইলি ড্রোন হামলায় দুই শিশু নিহত হয়। বানি সুহেলা শহরের আল-ফারাবি স্কুলের কাছে বেসামরিক নাগরিকদের ওপর চালানো হামলায় নিহত হয় দুই ভাই—জুমা ও ফাদি তামের আবু আসি। গুরুতর আহত অবস্থায় নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়।

ইসরাইল অধিকৃত পশ্চিম তীরেও অভিযান চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। তুবাস গভর্নরেটে বুধবার থেকে শুরু হওয়া অভিযান আরও তীব্র হয়েছে। স্থানীয় স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২০০-এর বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন, যাদের মধ্যে ৭৮ জন হাসপাতালে চিকিৎসাধীন।

তুবাস শহরসহ আক্কাবা ও তায়াসির গ্রামে ইসরাইলি সেনারা অভিযান চালায়। গত চার দিনে বহু ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। এছাড়া ক্বালকিলিয়া, জেনিন ও নাবলাস থেকে আরও ৯ জনকে আটক করা হয়।

যুদ্ধবিরতির ঘোষণার মধ্যেও ইসরাইলি বাহিনীর লাগাতার হামলা ও অভিযান ফিলিস্তিনের মানবিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।