পূর্বাচল প্লট বরাদ্দ দুর্নীতি মামলার রায় নিয়ে যা বলল দুদক

0
13

রাজউকের প্লট বরাদ্দ অনিয়মের অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে রায় প্রত্যাশা অনুযায়ী হয়নি বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খান মো. মঈনুল হাসান।

সোমবার বেলা ১১টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন। রায়ে শেখ হাসিনাকে ৫ বছর, শেখ রেহানাকে ৭ বছর এবং টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অপর ১৪ আসামিকেও ৫ বছর করে সাজা দেওয়া হয়।

রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দুদকের আইনজীবী মঈনুল হাসান বলেন, “আমাদের প্রত্যাশা অনুযায়ী রায় হয়নি। আমরা সর্বোচ্চ শাস্তি—যাবজ্জীবন কারাদণ্ড—চেয়েছিলাম। দুদকের সঙ্গে আলোচনা করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।”

পলাতক আসামিদের ফেরত আনার বিষয়ে তিনি বলেন, “আসামিরা যেসব দেশে অবস্থান করছেন, সেসব দেশ থেকে তাদের প্রত্যর্পণ করতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে।” বিশেষ করে টিউলিপ সিদ্দিক বাংলাদেশি ও ব্রিটিশ—দু’টি নাগরিকত্বই রাখেন। তাকে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে এই মামলাটি করা হয়।