ম্যাচজুড়ে বল দখল ও আক্রমণে স্পষ্ট আধিপত্য ছিল তুরস্কের। ৭২ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে ৩০টি শট নেয় তারা। তবুও দুর্দান্ত রক্ষণাত্মক কৌশল ও কার্যকর পাল্টা আক্রমণে ২-০ গোলে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।
কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘ডি’-এর ম্যাচে শুরু থেকেই তুরস্ক আক্রমণে ঝড় তোলে। গুলের ও ইলদিজদের আক্রমণে বারবার চাপে পড়ে অস্ট্রেলিয়ার রক্ষণভাগ। তবে ম্যাচের ২৭তম মিনিটে এক দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে নেস্টোরি ইরানকুন্ডার গোলে এগিয়ে যায় ‘সকারুস’রা।
গোলের পর পুরোপুরি রক্ষণাত্মক কৌশলে চলে যায় অস্ট্রেলিয়া। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও ফিনিশিংয়ের ব্যর্থতায় গোল পায়নি তুরস্ক।
দ্বিতীয়ার্ধেও একই চিত্র দেখা যায়। তুরস্ক আক্রমণ চালালেও অস্ট্রেলিয়ার দৃঢ় রক্ষণ ভাঙতে পারেনি। উল্টো ৭৫তম মিনিটে প্রতিপক্ষের ভুল পাসের সুযোগ নিয়ে দূরপাল্লার শটে ব্যবধান দ্বিগুণ করেন কনর মেটকাল্ফ।
শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। এই জয়ে গ্রুপ ‘ডি’-এর পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা।
পরবর্তী ম্যাচে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।