বিডিআর হত্যা পুনঃতদন্তে স্বাধীন কমিশনের মেয়াদ আরও ৭ দিন বাড়াল সরকার

0
26

বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা পুনঃতদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ আরও সাত দিন বৃদ্ধি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বুধবার (৩ ডিসেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে কমিশনের মেয়াদ আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়েছে।

গত বছরের ২৪ ডিসেম্বর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমানকে সভাপতি করে এই স্বাধীন তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সংঘটিত হত্যাকাণ্ড পুনর্বিবেচনা ও পুনঃতদন্তের দায়িত্ব দেওয়া হয় এই কমিশনকে।

প্রাথমিকভাবে কমিশনকে তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। পরে দুই দফায় আরও তিন মাস করে এবং সর্বশেষ আরও দুই মাস বাড়ানো হয়। ওই বাড়ানো সময়সীমা ৩০ নভেম্বর শেষ হয়েছে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, কমিশনের মেয়াদ সাত দিন বাড়ানোর আদেশ ১ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে।

উল্লেখ্য, জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গত রোববার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।