সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারককে প্রধান করে পাঁচ সদস্যের পুলিশ কমিশন পাস

0
32

দেশে পাঁচ সদস্যবিশিষ্ট একটি পুলিশ কমিশন গঠনের জন্য নতুন অধ্যাদেশ পাস করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। কমিশনের প্রধান হিসেবে থাকবেন সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারক। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় ‘পুলিশ কমিশন অধ্যাদেশ’টি আনুষ্ঠানিকভাবে পাস হয়।

পরে বিকেলে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নতুন কমিশনের কাঠামো, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানান।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারককে প্রধান করে মোট পাঁচ সদস্যের এই পুলিশ কমিশন গঠন করা হবে। সদস্য হিসেবে থাকবেন একজন গ্রেড–১ বা সমমানের সরকারি কর্মকর্তা, গ্রেড–১ এর নিচে নন এমন কোনো অবসরপ্রাপ্ত কর্মকর্তা, কোনো বিশ্ববিদ্যালয়ের বর্তমান বা অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং মানবাধিকার–সুশাসন বিষয়ে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন বিশেষজ্ঞ।

উপদেষ্টা জানান, পুলিশকে জনবান্ধব ও জনমুখী করে গড়ে তোলাই এই কমিশন গঠনের মূল উদ্দেশ্য। কমিশন সরকারকে বিভিন্ন সুপারিশ দেবে—যার মধ্যে থাকবে পুলিশকে প্রভাবমুক্তভাবে কাজ করতে সহায়তা, মানবাধিকার সংবেদনশীল পুলিশিং নিশ্চিত করা, আধুনিকায়ন, প্রশিক্ষণ এবং কাঠামোগত উন্নয়ন।

তিনি আরও বলেন, কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হবে নাগরিকদের পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করা ও নিষ্পত্তি করা। পাশাপাশি, পেশাগত ক্ষেত্রে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও তা কমিশন তদন্ত করবে।

পুলিশিং ব্যবস্থায় দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, সক্ষমতা উন্নয়ন, তথ্য-প্রযুক্তি প্রশিক্ষণ এবং কল্যাণমূলক ব্যবস্থাপনা—এসব বিষয়ে সরকারকে সুপারিশ দেওয়া এবং সংশ্লিষ্ট আইন-নীতি-গবেষণার দিকনির্দেশনা প্রদানও কমিশনের দায়িত্বের অন্তর্ভুক্ত।

পুলিশ কমিশন গঠনের এই সিদ্ধান্তকে দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক ও জবাবদিহিমূলক করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।