২০২৬ বিশ্বকাপে সহজ গ্রুপ পেলেও সতর্ক স্কালোনি

0
30

সাড়ে তিন দশকের শিরোপাখরা দূর করে ২০২২ কাতার বিশ্বকাপে স্বপ্ন পূরণ করেছিল আর্জেন্টিনা। লিওনেল স্কালোনি ও লিওনেল মেসির যুগল নেতৃত্বে অর্জিত সেই গৌরব নিয়ে ২০২৬ বিশ্বকাপেও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে, যেখানে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে কোচ স্কালোনি কাউকেই হালকাভাবে নিতে নারাজ।

গত শুক্রবার দিবাগত রাতে ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে ড্র অনুষ্ঠিত হয়। আজ রোববার রাতে ম্যাচের দিন–তারিখ–ভেন্যু নির্ধারণ করবে ফিফা। ড্র অনুযায়ী ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান।

বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে ড্র মঞ্চে আসেন আর্জেন্টাইন কোচ স্কালোনি। ২০২৬ বিশ্বকাপেও আগের পরিকল্পনার ধারাবাহিকতায় এগোতে চান তিনি। স্কালোনির ভাষায়, “আমরা নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্যে নামব এবং একই কাজটাই করার চেষ্টা করব যা গত বিশ্বকাপে করেছি। যতটুকু করা সম্ভব সবই করব, হাল ছাড়ব না।”

গ্রুপপর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেলেও, আর্জেন্টিনা কঠিন পরীক্ষায় পড়তে পারে নকআউট পর্বে। দ্বিতীয় রাউন্ডে (৩২ দল) তাদের প্রতিপক্ষ হতে পারে ‘এইচ’ গ্রুপের কেউ—স্পেন, উরুগুয়ে, সৌদি আরব অথবা প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া সবচেয়ে কম জনসংখ্যার দেশ কেপ ভার্দে। এ বিষয়ে স্কালোনি বলেন, “২০২২ বিশ্বকাপের মতো এখানেও কোনো সহজ প্রতিপক্ষ নেই। ক্রসওভার কঠিন হবে। তবে তার আগে প্রথম রাউন্ড পার করতে হবে, তারপর দেখা যাবে।”

গ্রুপপর্বের প্রতিপক্ষ নিয়েও সতর্ক আর্জেন্টিনা কোচ। আলজেরিয়াকে “দুর্দান্ত কিছু ফুটবলারের অসাধারণ দল” বলে উল্লেখ করে কোচ ভ্লাদিমির পেতকোভিচের প্রশংসা করেন স্কালোনি, যিনি লাজিওতে তার সাবেক গুরু। অস্ট্রিয়া ইউরোপীয় বাছাইয়ে গ্রুপসেরা হওয়ায় তাদের প্রতিও সম্মান দেখান তিনি। তবে জর্ডান সম্পর্কে তুলনামূলক কম জানেন স্কালোনি, যা তাকে আরও সতর্ক করে তুলছে। তিনি সাফ জানিয়ে দেন, “আর্জেন্টিনা কোনো কিছুই নিশ্চিত ধরে নিচ্ছে না।”

কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে অপ্রত্যাশিত হার স্মরণ করে স্কালোনি বলেন, “সেই অভিজ্ঞতা আমাদের আছে। তাই প্রতিটি ম্যাচ স্বাভাবিকভাবে, সর্বোচ্চ মনোযোগ দিয়ে খেলতে হবে।” ফলে গ্রুপকে সহজ ভেবে যে আর্জেন্টাইন ভক্তদের স্বস্তি কিছুটা বেড়েছে—স্কালোনির দৃষ্টিতে তা একেবারেই গ্রহণযোগ্য নয়।