চলতি সপ্তাহেই সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে: ইসি সানাউল্লাহ

0
20

চলতি সপ্তাহের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইসি সানাউল্লাহ বলেন, রীতি অনুযায়ী তফসিল ঘোষণার আগে পুরো কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য রেকর্ড করার জন্য আগামীকাল (সোমবার, ৮ ডিসেম্বর) বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের কাছে চিঠি দেওয়া হবে।

এবারের নির্বাচনে ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। ভোটগ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায় এবং শেষ হবে বিকেল সাড়ে ৪টায়।

তিনি আরও জানান, সোমবার (৮ ডিসেম্বর) থেকে প্রবাসী ভোটারদের জন্য ব্যালট ছাপানোর কাজ শুরু হবে।

তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে আচরণবিধি প্রতিপালনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ইসি সানাউল্লাহ বলেন: তফসিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হবে।

তফসিল ঘোষণার পর পোস্টার সরাতে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হবে, না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন কমিশনার জানান, তফসিলের পর নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না উপদেষ্টা পরিষদ। এছাড়া উপদেষ্টা পরিষদের কোনো সদস্যই পদে বহাল থেকে নির্বাচনে ভোট করতে পারবেন না। আইন যাদের অনুমতি দেবে, কেবল তারাই নির্বাচনে অংশ নিতে পারবেন।

নির্বাচন কমিশন নির্বাচনের দায়িত্ব পালনের জন্য প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারের তালিকা প্রস্তুত করেছে। এই তালিকায় সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং সরকারি প্রতিষ্ঠান ও সরকারি ব্যাংকের কর্মকর্তারা যুক্ত থাকবেন। বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের আপাতত রিজার্ভে রাখা হবে। আগের নির্বাচনগুলোর মতো সব কেন্দ্রে নির্বাচন সামগ্রী ও ব্যালট পেপার আগের রাতেই পৌঁছে যাবে।

ইসি আরও জানায়, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে। তবে নির্বাচন কমিশনের প্রয়োজন অনুযায়ী ব্যাংক ও পোস্ট অফিস খোলা থাকবে।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করেন। এতে অন্য চার নির্বাচন কমিশনার, ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।