চিকিৎসকরা বিদেশে নেয়ার উপযোগী ঘোষণা না করায় খালেদা জিয়ার যাত্রায় বিলম্ব

0
37

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপাতত বিদেশে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যেতে পারছেন না। বিমানযাত্রার ধকল সামলানোর মতো শারীরিক অবস্থা বর্তমানে তার নেই বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও চিকিৎসকদের অনুমতি না থাকায় এখনই তাকে নেওয়া হচ্ছে না।

জানা গেছে, খালেদা জিয়াকে বিদেশে পাঠানো নিয়ে তার পরিবার, বিএনপির শীর্ষ নেতারা ও এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের মধ্যে আলোচনা চলমান আছে। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি ও অস্থিরতা কাটেনি বলেই তাকে এখনো ‘বিদেশযাত্রার উপযোগী স্থিতিশীল’ ঘোষণা করতে পারছেন না চিকিৎসকরা।

হৃদযন্ত্র ও ফুসফুসের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার দেহে আরও কিছু জটিলতা দেখা দিয়েছে। বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতায় সীমাবদ্ধতা তৈরি হয়েছে বলে মেডিকেল বোর্ড জানিয়েছে। এ পরিস্থিতিতে দীর্ঘ ফ্লাইটসহ বিদেশে স্থানান্তরের ঝুঁকি নেয়ার মতো অবস্থায় তিনি এখনো পৌঁছাননি।

এয়ার অ্যাম্বুলেন্স এলে তিনি যেতে পারবেন কি না—এমন প্রশ্নে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাজ্য, চীন ও বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা মিলে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। অবস্থার উন্নতি হয়ে বিদেশে নেওয়ার মতো পর্যায়ে পৌঁছালে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বেগম খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড তার সার্বিক চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে।