জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নে ১৯৯ কোটি টাকার উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
রোববার (৭ ডিসেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ড. খালিদ হোসেন বলেন, “জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উন্নয়নে সবচেয়ে বড় যে উদ্যোগটি গ্রহণ করা হয়েছে, সেটি হলো ‘বায়তুল মোকাররমের আধুনিকায়ন, সৌন্দর্যবর্ধন ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্প। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৯৯ কোটি টাকা। এরইমধ্যে এ অর্থায়নের সম্মতি পাওয়া গেছে।”
তিনি জানান, এ প্রকল্পের মাধ্যমে মসজিদের মূল কাঠামো অক্ষুণ্ন রেখে অভ্যন্তরীণ সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়ন করা হবে। আধুনিক স্যানিটেশন ব্যবস্থা, মসজিদের বহিরাঙ্গণ আচ্ছাদিত করা, নতুন অফিস ভবন ও মিনার নির্মাণসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে।
উপদেষ্টা বলেন, “আমরা যথা দ্রুত সম্ভব এ প্রকল্পের কাজ শুরু করতে পারব, ইনশাল্লাহ। সরকার তথা ধর্মবিষয়ক মন্ত্রণালয় মসজিদটিতে ইবাদতের যথোপযুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য সচেষ্ট রয়েছে। আমরা সবার সহযোগিতা চাই, পরামর্শ চাই।”
মসজিদের পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষায় সবার দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “আমরা যত্রতত্র নোংরা–আবর্জনা ফেলব না, ডাস্টবিন ব্যবহার করব। মসজিদের অযুখানা ও টয়লেট নিজে ব্যবহার করব এবং অন্যের ব্যবহার উপযোগী রাখতে যত্নশীল হবো।”