দলীয় নেতাকর্মীদের উদ্দেশে যে বার্তা দিলেন তারেক রহমান

0
28

দলীয় মনোনয়ন নিয়ে ক্ষোভ–অসন্তোষের মধ্যেই বিএনপি নেতাকর্মীদের সতর্ক করে ঐক্যের ডাক দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সামনে কঠিন লড়াই; ঐক্যবদ্ধ হতে না পারলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।

সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ দল ও দেশ। “তোমার এলাকার প্রার্থী যেই হোক, মনে রাখতে হবে তুমি প্রার্থীর জন্য নয়, ধানের শীষের জন্য, দলের জন্য কাজ করছো,”—বলেন তিনি।

মনোনয়নকে কেন্দ্র করে দলের ভেতরে অসন্তোষের বিষয়টি উল্লেখ করে তারেক রহমান মন্তব্য করেন, “কম–বেশি যা ভালো মনে হয়েছে, সেই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। প্রার্থী মুখ্য নয়; মুখ্য তোমার দল, দেশের উন্নয়ন পরিকল্পনা ও ধানের শীষ।”

সতর্কবার্তায় তিনি বলেন, “সামনের যুদ্ধটা অনেক কঠিন। ঐক্যবদ্ধ না হতে পারলে সামনে ভয়াবহ কিছু অপেক্ষা করছে। আন্দোলনের সময় যেমন জনগণকে বুঝিয়েছিলে, তেমনি দেশ গড়ার পরিকল্পনা সম্পর্কেও জনগণকে সম্পৃক্ত করতে হবে।”

বিএনপির উন্নয়ন পরিকল্পনায় আগামী দুই মাস জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “এটা আজকের অঙ্গীকার। আশা করি তোমরা (ছাত্রদল নেতারা) এটি বাস্তবায়নে সক্ষম হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। আরও বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার, ডা. মাহদী আমিন, আমিনুল হক, যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, নিপুণ রায় চৌধুরী, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।