চলতি সপ্তাহেই হতে পারে নির্বাচনের তফসিল ঘোষণা: সিইসি

0
36

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহেই হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এর আগে নির্বাচন ভবন থেকে সরাসরি সুপ্রিম কোর্টে পৌঁছান সিইসি। সেখানে তাকে স্বাগত জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। দেশের জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনারের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করা একটি প্রচলিত রেওয়াজ বলেও জানা যায়।

এর আগে মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, তফসিল বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় অথবা পরদিন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঘোষণা করা হতে পারে।

তিনি বলেন, তফসিল ঘোষণার ক্ষেত্রে রাজনৈতিক দলসহ সবার সহযোগিতার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখা হবে। এ লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। ভাষণের মাধ্যমে জাতির উদ্দেশে তফসিল ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশনার আরও বলেন, ‘১০ ডিসেম্বর হতে পারে। আর তো সময় নেই। ১১ ডিসেম্বরের মধ্যে তফসিল দিতে হবে।’