২০২৬ বিশ্বকাপে প্রতি অর্ধে ৩ মিনিটের বাধ্যতামূলক ‘হাইড্রেশন ব্রেক’

0
29

ফুটবল খেলার প্রচলিত নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে ফিফা। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে প্রতিটি ম্যাচে প্রতিটি ৪৫ মিনিটের অর্ধে বাধ্যতামূলকভাবে তিন মিনিটের হাইড্রেশন ব্রেক (পানি পানের বিরতি) রাখা হবে। এই সিদ্ধান্তের ফলে কার্যত ফুটবল ম্যাচটি এনএফএল বা বাস্কেটবলের মতো চার ভাগে ভাগ হয়ে যাবে।

ওয়াশিংটন ডিসিতে বিশ্বকাপের ড্র উপলক্ষে আয়োজিত সভায় ফিফা কর্মকর্তা, কোচ ও সম্প্রচারকদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। খেলোয়াড়দের সুরক্ষার স্বার্থেই এই বিরতি রাখা জরুরি বলে মত দিয়েছে ফিফার মেডিকেল টিম।

প্রচলিত নিয়মে ফুটবল দুই ৪৫ মিনিটের অর্ধে খেলা হয়, যেখানে কেবল ইনজুরি বা তীব্র গরমে ‘কুলিং ব্রেক’ প্রয়োজন হলেই বিরতি দেওয়া হতো। জলবায়ু পরিবর্তনের কারণে কুলিং ব্রেকের প্রয়োজনীয়তা বাড়লেও, নতুন নিয়মে আবহাওয়া যেমনই হোক না কেন, প্রতিটি ম্যাচেই ২২ মিনিটের আশেপাশে এই হাইড্রেশন ব্রেক দেওয়া হবে।

ফিফা এক বিবৃতিতে জানিয়েছে: ‘যে মাঠেই খেলাটি হোক, ছাদ থাকুক বা না থাকুক, তাপমাত্রা যাই হোক, প্রতিটি ম্যাচেই তিন মিনিটের হাইড্রেশন ব্রেক রাখা হবে।’

ফিফার চিফ টুর্নামেন্ট অফিসার মানোলো জুবিরিয়া জানান, প্রতিটি বিরতি হবে ‘হুইসেল থেকে হুইসেল পর্যন্ত তিন মিনিট।’ এই সময় ঘড়ি থামানো হবে না, তবে প্রতি অর্ধের শেষে অতিরিক্ত তিন মিনিট যোগ হবে। যদি ২০ মিনিটের সময় কোনো ইনজুরি চলমান থাকে, রেফারি পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।

এই অতিরিক্ত সময়ে ম্যানেজাররা খেলোয়াড়দের নির্দেশনা দিতে এবং কৌশল বদলাতে অতিরিক্ত সময় পাবেন। অন্যদিকে, সম্প্রচারকরাও অতিরিক্ত বিজ্ঞাপন দেওয়ার সুযোগ পাবেন।

খেলোয়াড় কল্যাণে কাজ করা সংগঠনগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। যদিও ফিফপ্রো এর আগে আরও ছোট ও ঘন ঘন বিরতির পরামর্শ দিয়েছিল। তারা মনে করত, প্রচলিত কুলিং ব্রেক ‘শারীরবৃত্তীয় দৃষ্টিকোণ থেকে অর্থহীন’।

২০২৬ বিশ্বকাপে এমন পরিস্থিতি এড়াতে অধিকাংশ দিনের ম্যাচ ছাদযুক্ত বা ঠাণ্ডা শহরের স্টেডিয়ামে আয়োজন করা হবে। তবে উষ্ণ আবহাওয়ার শহরগুলোতে (যেমন: নিউ জার্সি, মায়ামি, ফিলাডেলফিয়া, কানসাস সিটি) রাতের ম্যাচ আয়োজন করা হবে। ফাইনাল অবশ্য দুপুর ৩টায় মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

একই সম্প্রচার সম্মেলনে জানানো হয়, ২০২৬ বিশ্বকাপে তিনটি উদ্বোধনী অনুষ্ঠান থাকবে— মেক্সিকো সিটিতে প্রথম ম্যাচের আগে, টরন্টোতে কানাডার প্রথম ম্যাচের আগে, লস অ্যাঞ্জেলেসে যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচের আগে।

২০২৬ বিশ্বকাপ ১১ জুন শুরু হবে এবং ৩৯ দিনে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়ে ১৯ জুলাই ফাইনালের মাধ্যমে টুর্নামেন্ট শেষ হবে।