কুন্দের জোড়া হেডে নাটকীয় জয়, দুই ম্যাচ পর জয়ের দেখা বার্সেলোনার

0
58

একটি ড্র আর একটি হারের পর অবশেষে জয়ের পথে ফিরেছে বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে অনেকটা একপেশে ম্যাচ খেলেও প্রথমে পিছিয়ে পড়েছিল কাতালানরা। তবে দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে ডিফেন্ডার জুলস কুন্দের জোড়া হেডে ফিরে আসে বার্সা, নিশ্চিত হয় ২-১ গোলের জয় আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে।

নবনির্মিত ক্যাম্প ন্যুতে দীর্ঘ বিরতির পর এবারই প্রথম আনুষ্ঠানিক ম্যাচ খেলতে নামে বার্সেলোনা। পুরো ম্যাচজুড়ে বল দখল ও আক্রমণ—দুই দিকেই আগ্রাসী ছিল হ্যান্সি ফ্লিকের দল। তারা বল পজেশন রেখেছে ৭৩ শতাংশ সময়, নিয়েছে ১৯টি শট, যার মধ্যে লক্ষ্যে ছিল ৭টি। বিপরীতে ফ্রাঙ্কফুর্টের ৬ শটের ৪টি ছিল অন টার্গেট।

পঞ্চম মিনিটেই প্রথম সুযোগ পায় বার্সা। কুন্দের হেড পাস থেকে বক্সের সামনে বল পেয়ে ভলিতে লক্ষ্যে রাখতে ব্যর্থ হন রবার্ট লেভান্ডফস্কি। চার মিনিট পরই তিনি বল জালে পাঠান ঠিকই, তবে রাফিনিয়া আগে অফসাইড পজিশনে থাকায় সেই গোলটি বাতিল হয়।

এরপর জেরার্ড মার্টিনের জোরালো শট ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন ফ্রাঙ্কফুর্ট গোলরক্ষক। ঠিক সে সময়েই খেলার ধারার বিপরীতে পাল্টা আক্রমণে গোল পায় জার্মান ক্লাবটি। ২১ মিনিটে আন্সগার কেনাউফ দারুণ এক ফিনিশিংয়ে এগিয়ে দেন ফ্রাঙ্কফুর্টকে।

নাথানিয়েল ব্রাউনের থ্রু পাসে বার্সার হাই-লাইন ডিফেন্স ভেদ করে এগিয়ে গিয়ে একজনকে কাটিয়ে দৌড়ের ওপর থেকে শট নেন কেনাউফ, গোলরক্ষককে কোনও সুযোগই দেননি। বিরতির আগে আর কার্যকর কোনো আক্রমণ গড়তে পারেনি বার্সা। উল্টো হাফটাইমের আগমুহূর্তে বক্সের মুখ থেকে নেওয়া ইলয়েস স্খিরির শট বার্সেলোনার বারের ওপর দিয়ে চলে যায়, ফলে ব্যবধান আর বাড়েনি।

বিরতির পর নেমেই বদলে যায় ম্যাচের চিত্র। মার্কাস রাশফোর্ড নেমে বার্সার আক্রমণে নতুন গতি এনে দেন, পরপর কয়েকটি সুযোগও তৈরি হয় তার পা থেকে।

৫০ মিনিটে আসে সমতা। ডান দিক দিয়ে রাশফোর্ডের ক্রস থেকে দারুণ এক হেডে জাল খুঁজে নেন জুলস কুন্দে। ১-১ এ ফিরেই চাপ ধরে রাখে বার্সা। মাত্র তিন মিনিট পর ৫৩ মিনিটে আবারও গোল করেন ফরাসি এই ডিফেন্ডার। এবার লামিনে ইয়ামালের ক্রসে নিখুঁত হেডে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন কুন্দে।

এর পর আর কেউ স্কোরলাইন বদলাতে পারেনি। শেষ দিকে বলের নিয়ন্ত্রণ ধরে রেখে নিরাপদভাবে ম্যাচ শেষ করে বার্সেলোনা। ২-১ ব্যবধানের এই জয়েই দুই ম্যাচ পর জয়ের স্বাদ পেল ফ্লিকের শিষ্যরা।

চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত ৬ ম্যাচে বার্সেলোনার জয় ৩টি, ড্র ১টি ও হার ২টি। সব মিলিয়ে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট, টেবিলে অবস্থান ১৪ নম্বরে। অন্যদিকে, চতুর্থবার হারের মুখ দেখেছে ফ্রাঙ্কফুর্ট, তাদের অবস্থান ৩০ নম্বরে নেমে গেছে।